কেরানীগঞ্জে কালভার্টে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মুসলিম নগর এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়কের একটি কালভার্টে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ওই কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।জানা গেছে, কালভার্টটি প্রায় ২৫-৩০ বছরের পুরোনো। কালভার্টের পশ্চিম পাশের উভয় প্রান্তের রেলিংগুলো ভেঙে গেছে। এ ছাড়া কালভার্টের মাঝের অংশে কয়েকটি ফাটলও দেখা দিয়েছে। নগর পরিবহনের এক চালক জানান, রেলিং ভেঙে যাওয়ায় কালভার্টটির ওপর দিয়ে খুবই সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হয়। এ ছাড়া সন্ধ্যার পর কালভার্টের আশপাশের এলাকায় সড়কবাতির ব্যবস্থা না থাকায় যান চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। পরিবহন শ্রমিক আবদুস সাত্তার জানান, কালভার্টের কিছু কিছু অংশে মারাত্মক ফাটলের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, শিগগিরই কালভার্টটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া এটি ভেঙে নতুন একটি কালভার্ট নির্মাণের পরিকল্পনাও বিবেচনায় আছে।