কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার উদ্বোধন ১০ এপ্রিল

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার ১০ এপ্রিল উদ্বোধন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে।
সরেজমিনে গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় কারাগার এলাকায় দেখা যায়, কারাগারের ভেতর ও বাইরে শেষ মুহূর্তে ধোয়ামোছার কাজ চলছে। চলছে উদ্বোধন উপলক্ষে নানা প্রস্তুতি। ভেতর ও চারপাশের এলাকাগুলোতে পুরোদমে চলছে চুন-রঙের কাজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাইরে চলছে কারারক্ষীদের মহড়া।
কারাগারে বিদ্যুৎ-সংযোগসহ বিভিন্ন কাজে নিয়োজিত গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) কর্মকর্তা আবদুল খালেক আকন বলেন, বন্দী ভবনে বৈদ্যুতিক সংযোগের কাজসহ অন্যান্য কাজকর্ম প্রায় শেষ। এখন সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে ১৯৪ একর জমিতে নির্মাণ করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। এখানে ৪ হাজার ৫৯০ জন বন্দী রাখার ব্যবস্থা রয়েছে। তাঁদের মধ্যে আটটি ছয়তলা ভবনে চার হাজার সাধারণ বন্দী। ৪০০ দুর্ধর্ষ জঙ্গি-সন্ত্রাসীদের রাখার জন্য চারটি চারতলা কারা ভবন (ডেঞ্জার সেল) নির্মাণ করা হয়েছে। ডিভিশনপ্রাপ্ত (ভিআইপি) ৬০ জন বন্দীর জন্য বিশেষ কক্ষ রয়েছে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি-প্রিজন) কর্নেল ফজলুল কবির কারাগার পরিদর্শনে এসে প্রথম আলোকে বলেন, ১০ এপ্রিল কারাগারটির উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।