কেরানীগঞ্জে কেব্ল ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার টাকা না পেয়ে ইকুরিয়া এলাকার একটি কেব্ল প্রতিষ্ঠানের কর্মচারী মো. জাকির হোসেনকে (৩৫) সন্ত্রাসীরা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। নিউ নোভা কমিউনিকেশন সার্ভিসের ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান অভিযোগ করেন, ‘ইকুরিয়া বাজারের মো. সোহেল, মো. রুবেলসহ কয়েকজন আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে গত ২৮ জুন রাত একটার দিকে তাঁরা হাসনাবাদ সুপার মর্কেটের পেছনে আমাদের কেব্ল লাইনের তার কেটে দেন।’মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে জাকির ও আরফান নামে প্রতিষ্ঠানের দুজন কর্মচারীকে বিষয়টি খোঁজ নেওয়ার জন্য পাঠানো হয়। এ সময় ১০-১২ জন সন্ত্রাসী তাঁদের ঘেরাও করে জাকিরের মাথায় রামদা ও চাপাতি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে ১ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। অভিযুক্ত সোহেল ও রুবেলের বড় ভাই একতা কেব্ল নেটওয়ার্কের পরিচালক মো. বাদল দাবি করেন, ‘আমার ভাইদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, এলাকায় কেব্ল ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলাটি ঠিক নয়। তবে নোভা কেব্ল নেটওয়ার্কের কর্মচারীকে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।