কেরানীগঞ্জে খামারে ১৭ গরু জীবন্ত দগ্ধ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পশ্চিমপাড়া বাঙ্গালবাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে একটি গরুর খামারে আগুনে পুড়ে ১৭টি উন্নত জাতের বিদেশি গরুর মৃত্যু হয়েছে। আগুনে খামারের পাশে একটি প্লাস্টিকের কারখানায়ও অনেক মালামাল পুড়েছে। এতে খামার ও কারখানা মিলিয়ে আনুমানিক দুই কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবি। রাজা এন্টারপ্রাইজ ও তানহা ডেইরি ফার্মের মালিক রাজা আহমেদ জানান, গতকাল ভোর পাঁচটার দিকে তিনি তাঁর ওই খামার ও কারখানায় আগুন লাগার খবর পান। খবর পেয়ে কেরানীগঞ্জ ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নেভান। আগুনে প্লাস্টিক কারখানার মেশিন, আসবাবপত্র ও মূল্যবান কাগজ পুড়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। খামারের ১৭টি বিদেশি গরু পুড়ে মারা যাওয়ায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।রাজা আহমেদ অভিযোগ করেন, টেলিফোনে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে তিনি অস্বীকার করায় তারা দেখে নেওয়ার হুমকি দেয়। তাঁর ধারণা, চাঁদা না দেওয়ায় ওই দুর্বৃত্তরা তাঁর কারখানা ও খামারে আগুন দেয়।কারখানার নৈশপ্রহরী নূর হোসেন ও রহিমের ভাষ্য, রোববার রাত ১২টার দিকে অজ্ঞাত দুই যুবক এসে মালিককে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে তারা গালিগালাজ করে চলে যায়। গতকাল রাত দুইটার দিকে মালিক বের হয়ে যাওয়ার পর কারখানার প্রধান ফটকে তালা দিয়ে তাঁরা বাইরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে লোকজনের হইচই শুনে ঘুম থেকে জেগে তাঁরা আগুন দেখতে পান।কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মফিজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। তবে অন্য কোনো কারণে আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।