কেরানীগঞ্জে গণপিটুনিতে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মো. মিজান (১৮) নামের এক তরুণ মারা গেছেন। গতকাল শনিবার ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় রুবেল নামে এক কাপড় ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় পাঁচজন ছিনতাইকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মিজানের মৃত্যু হয়। ছিনতাইয়ের ঘটনায় রুবেল বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় গণপিটুনিতে আহত ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে নিহত মিজানের বাবা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, তাঁর ছেলে ছিনতাইকারী ছিলেন না। অথচ তাঁকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো। মিজান দেয়ালে চুনকামের কাজ করতেন বলে দাবি করেন জাহাঙ্গীর।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বলেন, চুনকুটিয়া চৌরাস্তায় ব্যবসায়ী রুবেলের টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় এলাকাবাসী পাঁচ তরুণকে গণপিটুনি দেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে শনিবার সকালে মিজান মারা যান।