ঢাকার কেরানীগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মা-ছেলের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার রামেরকান্দা বোডিং মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের শিকার উপজেলার কলাতিয়া ইউনিয়নের বেলনা গ্রামের সোহাগ মিয়ার ভাষ্যমতে, তাঁর বাবা মজিবর মিয়া সৌদি আরবে থাকেন। সম্প্রতি তিনি এক লোকের মাধ্যমে ২০ লাখ টাকা পাঠান। ওই টাকা আনতে গতকাল দুপুর ১২টার দিকে সোহাগ মা হাসিদা বেগমকে নিয়ে কদমতলী ইসলামী ব্যাংকের সামনে যান। সেখানে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। কিন্তু অটোরিকশাটি প্রহরীভিটা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার তাঁদের গতিরোধ করে। এ সময় প্রাইভেট কার থেকে চার যুবক নেমে তাঁদের মারধর করে ২০ লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে গাড়ি নিয়ে রুহিতপুরের দিকে পালিয়ে যায়। বিষয়টি সোহাগ মোবাইলে রুহিতপুরে তাঁর আত্মীয়স্বজনকে জানান। পরে সোহাগের আত্মীয়স্বজন ও এলাকাবাসী প্রায় দুই কিলোমিটার দূরে রামেরকান্দা বোডিং মার্কেট এলাকায় সাদা রঙের প্রাইভেট কারটির গতিরোধ করে চার ছিনতাইকারীকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক ছিনতাইকারী মারা যান। এ সময় উত্তেজিত লোকজন ছিনতাইকারীদের বহনকারী গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাপ্পি (২৭), শরীফ (২৮), সোহেল (২৫) নামের সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ছাড়া গাড়ির চালক ইউসুফকে (২৮) পুলিশ আটক করেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন খান গতকাল বিকেলে জানান, এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়িচালকের কাছ থেকে এক লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাকি টাকা গণপিটুনির সময় লোকজন লুট করে নিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।