কেরানীগঞ্জে গণহত্যা দিবস পালিত
কেরানীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে গতকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। ভোরে শহীদদের স্মরণে নির্মিত জিনজিরা মনু বেপারীর ঢাল এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
মুক্তিযুদ্ধ চেতনা পরিষদের পক্ষ থেকে যুদ্ধকালীন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সাংসদ মোস্তফা মহসিন মন্টু, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় জিনজিরায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এদিন আওয়ামী লীগ, বিএনপি, উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধের চেতনা পরিষদ, এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক দিবস পালন করে।
১৯৭১ সালের ২ এপ্রিল ভোররাতে পাকিস্তানি বাহিনী অতর্কিতভাবে কেরানীগঞ্জের জিনজিরা, নজরগঞ্জ, ডাকপাড়া, মনু বেপারীর ঢাল, চড়াইল ও নেকরোজবাগ এলাকায় হামলা চালিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুকে হত্যা করে। কেরানীগঞ্জে প্রায় পাঁচ হাজার নিরীহ মানুষ হত্যাযজ্ঞের শিকার হয়।