কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় মৃত্যু, যাত্রাবাড়ীতে নবজাতকের লাশ
রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার একটি প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন চালক মো. আলমসহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রাইভেট কারটি হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন চালকসহ গাড়িটি আটক করেন এবং আহত হোসেনকে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিকেলে খবর পেয়ে তাঁর স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেট কার হোসেনকে ধাক্কা দেয়। পরে তাঁর মৃত্যু হয়। নিহত হোসেনের বাড়ি কেরানীগঞ্জের চড়াইল এলাকায়। তিনি বলেন, চালকসহ গাড়ি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।নবজাতকের লাশ উদ্ধার: গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থানার পুলিশ মানিকনগর এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক শাহীন উদ্দিন প্রথম আলোকে বলেন, আশপাশের লোকজনের কাছে খবর পেয়ে তিনি মানিকনগর মিয়াজান গলিতে যান। সেখানে ময়লা ফেলার স্থানে নবজাতকের লাশ দেখতে পান। তাঁর ধারণা, দু-এক দিন আগে ওই নবজাতককে সেখানে কেউ ফেলে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।