কেরানীগঞ্জে গুদামে বিস্ফোরণের ঘটনায় জিডি, ঝুঁকিপূর্ণ ভবন ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের পূর্ববন্দ ডাকপাড়া এলাকায় কেমিক্যালের তিনটি গোডাউনে বিস্ফোরণের ঘটনার কারণে গোডাউনের ছাদ ও ইট উড়ে গিয়ে আশপাশের ভবনগুলোতে পড়ে। এতে কয়েকটি ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়। গতকাল দুপুরে।  ছবি: শুভ্র কান্তি দাশ
কেরানীগঞ্জের পূর্ববন্দ ডাকপাড়া এলাকায় কেমিক্যালের তিনটি গোডাউনে বিস্ফোরণের ঘটনার কারণে গোডাউনের ছাদ ও ইট উড়ে গিয়ে আশপাশের ভবনগুলোতে পড়ে। এতে কয়েকটি ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়। গতকাল দুপুরে। ছবি: শুভ্র কান্তি দাশ

ঢাকার কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। একই সঙ্গে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন ভবন থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিস্ফোরিত রাসায়নিক গুদাম এলাকায় লোকজনের উপচে পড়া ভিড়। পুলিশ গুদামের প্রবেশমুখ ও আশপাশ এলাকায় টহল দিচ্ছে।

কেরানীগঞ্জের পূর্ব বন্দ ডাকপাড়া এলাকায় গতকাল রোববার ভয়ংকর বিস্ফোরণে ধসে গেছে  অনুমোদনহীন একটি রাসায়নিকের গুদাম। বিস্ফোরণে আশপাশের ৮-১০টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিস্ফোরণে আশপাশের বাড়ির ও পথচলতি অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ২২ জন নিহত হন। এখনো ১০ জন চিকিৎসাধীন।


গতকাল বিস্ফোরণের পর ওই গুদামে আগুন লেগে গেলে কেরানীগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয় লোকজন জানান, গুদামের মালিক পুরান ঢাকার ব্যবসায়ী মারুফ হোসেন। প্রায় ১০ বছর আগে নিজস্ব জমিতে আধা পাকা ভবনে তিনটি রাসায়নিক গুদাম করেন তিনি।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. নাসিরউদ্দিনের তিনতলা বাড়িটি গুদাম থেকে ১৫-২০ গজ দূরে। বিস্ফোরণের ঘটনায় তাঁর তিনতলা বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ভবনের একটি পাশ আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে। নাসিরউদ্দিন বলেন, ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর ভবনটি পরিদর্শন করা হয়েছে। তারা বলেছে, ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ। তাই ভবনের লোকজনকে অন্যত্র সরিয়ে নিতে হবে। সে অনুযায়ী ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখানে অবৈধভাবে রাসায়নিক গোদাম নির্মাণকারীর শাস্তি দাবি করেন।

বিস্ফোরিত গুদামের পার্শ্ববর্তী বাড়ির মালিক আবুল হোসেন জানান, গতকালের বিস্ফোরণের পর থেকে আতঙ্কের মধ্যে আছেন। বিস্ফোরিত গুদাম থেকে এখনো ধোঁয়া ও রাসায়নিক পদার্থের গন্ধ বের হচ্ছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ‘রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। এ ছাড়া বিস্ফোরিত রাসায়নিক দ্রব্যে যাতে পুনরায় বিস্ফোরণ না ঘটে, সে জন্য আমরা তৎপর রয়েছি।’ তিনি আরও বলেন, গোডাউনে রক্ষিত রাসায়নিক দ্রব্য বেশির ভাগ মেয়াদোত্তীর্ণ। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের পাশে তৃতীয় তলা ভবনসহ আশপাশের কয়েকটি বসতবাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. নাসিরউদ্দিনের তিনতলা ভবনের বাসিন্দাদের আপাতত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, রাসায়নিক গুদামের বিস্ফোরণের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। রাসায়নিক গুদামের মালিক মারুফ হোসেনকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।