কেরানীগঞ্জে গুদামে, সাভারে বাসে আগুন
দক্ষিণ কেরানীগঞ্জে পোশাকের দোকানের গুদামে গতকাল বুধবার আগুন লেগে মালামাল পুড়ে গেছে। ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে একটি বাস পুড়ে গেছে।
গতকাল বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব আগানগর খাজা সুপার মার্কেটের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় ধোঁয়ায় পাঁচজন পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধোঁয়ায় অসুস্থ শ্রমিকেরা হলেন মো. উজ্জ্বল (১৮), ইব্রাহিম মিয়া (২০), মো. রনি (১৭), ছামাদ মিয়া (২১) ও মো. মানিক (২৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে খাজা সুপার মার্কেটের নিচতলায় ‘রুপা গার্মেন্টস’-এর গুদাম থেকে ধোঁয়া বের হতে থাকে। মার্কেটের অন্য দোকানের কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়। আগুনে প্রতিষ্ঠানটির দুটি গুদামসহ তিনটি ঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস কেরানীগঞ্জ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
সাভার মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বলিয়ারপুর এলাকার এনআর সিএনজি ফিলিং স্টেশনের গ্যারেজে রাখা একটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ততক্ষণে বাসটির বেশির ভাগ পুড়ে যায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, মেরামত শেষে বাসটি গ্যারেজে রাখা হয়। রাতে চালক ইকবাল হোসেন তাঁর সহযোগীকে নিয়ে বাসেই ঘুমিয়ে পড়েন। এর আগে মশা তাড়াতে তিনি বাসের আসনের নিচে একটি কয়েল জ্বালান। ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।