কেরানীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দোলেশ্বর গ্রামের পশ্চিমপাড়ায় কলেজপড়ুয়া গৃহবধূ হালিমা আফরোজকে (১৯) পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। হালিমার বাবা সাজ্জাদ হোসেন বাদী হয়ে গত সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা করেন। মামলার আসামিরা হলেন: হালিমার স্বামী মামুন আহমেদ, শ্বশুর মহিউদ্দিন, শাশুড়ি আমেনা খাতুন, মামুনের চাচা নাসির, বোন সুরভী ও তাঁর স্বামী মঞ্জু। এজাহারে বলা হয়েছে, ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে রোববার দিবাগত রাতে জামাতা মামুন ও তাঁর পরিবারের লোকজন হালিমাকে মারধর করে। এতে হালিমার মৃত্যু হয়। পরে তারা হালিমার লাশে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়। হালিমা ঢাকা মহানগর মহিলা কলেজের স্নাতক (পাস) বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। হালিমার বাবা সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মামুনের দাবি করা ১০ লাখ টাকা বা ১৫ শতাংশ জমি লিখে না দেওয়ায় হালিমাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।’মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, মামলার পর মামুনের পুরো পরিবার গা ঢাকা দিয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।