কেরানীগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জের বদরগঞ্জ এলাকায় রিমা আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী স্বপনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে।রিমার বাবা আবু বকর জানান, দুই বছর আগে স্বপনের সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের পর তাঁরা জানতে পারেন স্বপন মাদকাসক্ত। মাদক গ্রহণে বাধা দেওয়ায় রিমাকে প্রায়ই মারধর করতেন স্বপন। রোববার সন্ধ্যায় স্বপন মাতাল অবস্থায় বাড়ি ফেরার পর এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বপন রিমাকে শ্বাসরোধ করে হত্যা করেন।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গৃহবধূর স্বামী স্বপন, শ্বশুর গিয়াস উদ্দিন, শাশুড়ি মঞ্জুরা বেগম এবং দেবর সোহাগ ও হূদয়কে আসামি করে গতকাল হত্যা মামলা করেছেন নিহত রিমার বাবা আবু বকর। আসামিরা পলাতক।