কেরানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর খালপাড় এলাকার বাসা থেকে গতকাল শুক্রবার ঈশিতা (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঈশিতার বাবা আফাজ উদ্দিন ঈশিতার স্বামী মোজাফফরের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।আফাজ উদ্দিনের অভিযোগ, যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মোজাফফর শ্বাসরোধে তাঁর মেয়েকে হত্যা করেছেন। এলাকাবাসী জানান, সকাল ১০টার দিকে মোজাফফরের ভাবি খালপাড়ে ঈশিতাদের বাড়িতে গিয়ে দেখেন, প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজায় তালা দেখে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, ঈশিতাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেননি তাঁরা। পরে ঘরের দরজার তালা ভেঙে ঈশিতার মৃতদেহ উদ্ধার করা হয়। লোকজন ইশিতার বাবা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেন।আফাজ উদ্দিন প্রথম আলোকে জানান, পাঁচ মাস আগে মোজাফফরের সঙ্গে ঈশিতার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ঈশিতাকে মারধর করতেন মোজাফফর। বিভিন্ন সময়ে মোজাফফরকে প্রায় পাঁচ লাখ টাকা দেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মোজাফফর মুঠোফোনে তাঁর কাছে আরও এক লাখ টাকা দাবি করেন। তিনি জানিয়ে দেন, তাঁর পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব নয়।প্রতিবেশী মো. হারুন জানান, প্রায়ই ঈশিতার সঙ্গে মোজাফফরের ঝগড়াঝাঁটি হতো।মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ঘটনার পর থেকে আসামি মোজাফফর পলাতক রয়েছেন।