কেরানীগঞ্জে গ্যাসের অবৈধ সংযোগ অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে গ্যাসের অবৈধ পাইপ অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল বুধবার থেকে অভিযান শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ঢাকা জেলা প্রশাসন। জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাংশু সোম মহান। কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল দারুল সালাম রোডের জয়নাল মিয়ার ফ্ল্যাটে গ্যাসসংযোগের প্রায় আড়াই শ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এ সময় জয়নাল মিয়া বাড়িতে ছিল না। তাঁর স্ত্রী পপি বেগম দাবি করে বলেন, তাঁদের সংযোগ অবৈধ নয়। তিতাস গ্যাসের লোকজনই পাইপ বসিয়েছেন। তাঁরা বলেছেন, আগামী সপ্তাহে গ্যাসসংযোগ দেবেন।
বাঘনা মজিবনগর এলাকার বেলাল মিয়া ও কামাল হোসেনের ফ্ল্যাটবাড়িতে গ্যাসসংযোগের জন্য স্থাপিত পাইপলাইনের ২০০ ফুট পাইপ অপসারণ করা হয়। কামালের স্ত্রী ফাতেমা বেগম জানান, ১৫ দিন আগে তিতাসের লোকজন পাইপলাইন বসিয়ে গেছেন। কিন্তু এখনো সংযোগ দেওয়া হয়নি।
এ ছাড়া আটি ও জয়নগর এলাকায় বেশ কটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের জিঞ্জিরা আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ বলেন, কেরানীগঞ্জের ১৩টি অঞ্চলের অবৈধ সংযোগের তালিকা করা হয়েছে। এসব অবৈধ সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাংশু সোম মহান জানান, পর্যায়ক্রমে কেরানীগঞ্জের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।