কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৮
কেরানীগঞ্জে গত মঙ্গলবার রাতে গ্যাসের চুলার আগুনে পুড়ে দুই পরিবারের আটজন সদস্য দগ্ধ হয়েছেন।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন এক পরিবারের গৃহকর্তা জামাল উদ্দিন (৪৫), তাঁর দুই ছেলে রকি (২০) ও বাপ্পি (১৫)। আরেক পরিবারের দেলোয়ার হোসেন (৩০), তাঁর স্ত্রী শিরিন বেগম (৩০), মেয়ে শিফা (৬) ও শিরিনের দুই ভাগনি সানজিদা (১৩) ও আঁখি (১৪)। আহত ব্যক্তিদের মধ্যে রকি ও বাপ্পিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানাধীন মন্যু ব্যাপারীর ঢাল এলাকার জিতু মিয়া নামে এক ব্যক্তির বাড়ির পঞ্চম তলায় দুই পক্ষের ফ্ল্যাটে সাবলেট হিসেবে জামাল উদ্দিন ও দেলোয়ার হোসেন তাঁদের পরিবার নিয়ে বসবাস করেন। মঙ্গলবার রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েন। কিন্তু রান্না ঘরে গ্যাসের চুলা বন্ধ না থাকায় গ্যাস নির্গত হয়ে তা বন্ধ ঘরে আটকে যায়। গভীর রাতে শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। এতে সবাই দগ্ধ হন। পরে আশপাশের মানুষ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে নির্গত হওয়া গ্যাসে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।