কেরানীগঞ্জে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর উত্তর মালিভিটা গ্রামে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। অপর তিন যুবক গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ কেরানীগঞ্জের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নয়টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, আবদুল্লাহপুর উত্তর মালিভিটা গ্রামের ব্যবসায়ী জজ মিয়া পরিবারের সঙ্গে প্রতিবেশী আ. হাই মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পূর্বশত্রুতার জের ধরে গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। ব্যবসায়ী জজ মিয়ার ভাতিজা গুলিতে আহত মো. স্বপন (২৫) জানান, ‘তিন বছর আগে তাঁর চাচাতো ভাই দিদার নিহত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই দেলোয়ার বাদী হয়ে একটি মামলা করে। এ ঘটনা জের ধরে গতকাল শুক্রবার দুপুরে কয়েকজন সাংবাদিক আমাদের বাসায় আসেন। এতে আ. হাইয়ের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে বাড়ির সামনে এসে আমাদের লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে মারতে আসে। তাদের বাধা দিলে আ. হাই ও তাঁর ভাতিজা তানভীর, ওলিউল্লাহ, সোহেলসহ অর্ধশতাধিক সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আ. হাইয়ের লোকজন আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে তাণ্ডব চালায়।’ রফিকুল ইসলামের স্ত্রী লিলি বেগম (৪০) জানান, আ. হাইয়ের সন্ত্রাসী বাহিনীরা তাঁদের ঘরে ঢুকে আলমারি ভাঙচুর করে ১১ হাজার টাকা, একটি ল্যাপটপ ও চারটি মুঠোফোন এবং বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে যায়। তিনি আরও জানান, একই সময় তাদের প্রতিবেশী আমিনুল ইসলাম, শাহাবুদ্দিন, তাজউদ্দিন, দেলোয়ার হোসেন, মেহের আলী, শামীম, আলতাফ ও শাহজাহানসহ নয়টি পরিবারের কয়েকটি ঘর ভাঙচুর করে লুটপাট চালানো হয়। সন্ত্রাসীদের গুলিতে রসুলপুর মাদ্রাসার ছাত্রী শারমিন বেগম (১৪) মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে প্রতিবেশী আ. হাই মিয়া (৫২) জানান, ‘২০০৯ সালে ৩ সেপ্টেম্বর তাঁদের প্রতিবেশী ওয়াহিদুল মিয়ার ছেলে দিদার মিয়া ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবে মারা যায়। এ ঘটনায় মৃত দিদারের ভাই দেলোয়ার পূর্বশত্রুতার জের ধরে আমার ভাগিনা ইকবাল, সিরাজুল, শাহ আলম, কবির হোসেনসহ কয়েকজনের নামে সিরাজদিখান থানায় মিথ্যা মামলা করে। এ নিয়ে প্রতিবেশী জজ মিয়ার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল শুক্রবার তার লোকজন অহেতুক আমাদের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মিথ্যা অভিযোগ দিচ্ছে।’ তিনি আরও জানান, জজ মিয়ার লোকজনের হামলায় সাদেক আলী (২২), সোহেল (২৬), আয়নাল (৪০), সেলিম মিয়া (২৫) টেঁটা-বল্লমের আঘাতপ্রাপ্ত হয়েছে এবং মো. জাহাঙ্গীর (২৮) বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।