কেরানীগঞ্জে গয়েশ্বরের সংবর্ধনা হয়নি
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পূর্বনির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠান হয়নি। তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা বাজারে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। গোলযোগের আশঙ্কায় প্রশাসন সেখানে বৃহস্পতিবার মধ্য রাত থেকে ১৪৪ ধারা জারি করায় অনুষ্ঠান হয়নি।গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তেঘরিয়া ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। বেয়ারা বাজারে গতকাল বিকেলে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার ও ফেস্টুন লাগানো হয়। দুই দিন ধরে এলাকায় মাইকিং চলে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন। রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিএনপির নেতা-কর্মীদের কাজে বাধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীদের ধাওয়া করে পুলিশ মঞ্চের মালামাল খুলে ফেলে এবং অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করার কথা জানায়।গতকাল বেলা তিনটার দিকে বিএনপির কয়েক শ নেতা-কর্মী তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হলে দাঙ্গা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কেরানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা মো. সেলিম আহমেদ বলেন, পুলিশ বিনা উসকানিতে তাঁদের ধাওয়া ও লাঠিপেটা করে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, আজকের (শুক্রবার) ঘটনাটি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু ধারার রাজনীতির বহিঃপ্রকাশ। প্রশাসক অহেতুক ১৪৪ ধারা জারি করে সংবর্ধনার অনুষ্ঠান পণ্ড করেছে। দলীয় নেতা-কর্মীদের বাড়িতে হানা দিয়ে তল্লাশির নামে পুলিশ তাদের অহেতুক হয়রানি করছে।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা খাতুন বলেন, বেয়ারা বাজার এবং এর আশপাশ এলাকায় একাধিক রাজনৈতিক সংগঠন একই সময় সভা করার জন্য আবেদন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় ওই এলাকায় গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোত্পল দে জানান, পুলিশ মঞ্চ ভাঙচুর করেনি এবং পুলিশের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ সঠিক নয়।