কেরানীগঞ্জে ঘন ঘন লোডশেডিং পোশাকশিল্পের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এখানকার কয়েকজন ব্যবসায়ীর ভাষ্যমতে, লোডশেডিংয়ে উপজেলার পোশাকপল্লিতে উৎপাদন ব্যাহত হওয়ার প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জিনজিরা, কালিন্দী, চড়াইল, আগানগর, গোলামবাজার, পূর্ব আগানগর, বন্দ ডাকপাড়া ও শুভাঢ্যা এলাকায় ছোট-বড় প্রায় ১৫ হাজার পোশাক কারখানা ও দোকান রয়েছে। এসব এলাকায় প্রতিদিন ঘন ঘন লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিদিন গড়ে প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকে না। জিনজিরা এলাকায় বাসিন্দা আবদুর রহমান বলেন, ‘মাস খানেক ধরে আমাদের এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে।’ আগানগর ছোট মসজিদ এলাকার প্রভাত ওয়াশিং অ্যান্ড ডায়িং কারখানার পরিচালক ফরহাদ আহমেঞ্চদ বলেন, ‘এক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে প্রায় এক লাখ টাকার ক্ষতি হচ্ছে। এতে ৫৫ জন কর্মচারীকে বেতন দিতে বেগ পেতে হচ্ছে। সামনে ঈদ—এ বিষয়টি গুরুত্ব দিয়ে আমাদের পোশাকশিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা দরকার।’ পূর্ব আগানগর এলাকায় জেলা পরিষদ মার্কেটের সোনিয়া গার্মেন্টসের পরিচালক লতিফ মিয়া বলেন, ‘গত মাস থেকে প্রতিদিন ১৪-১৫ বার লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে কারখানার কাজ চালাতে হয়। এতে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। ঈদ মৌসুমে এভাবে লোডশেডিংয়ে ব্যবসায়ের ক্ষতি হচ্ছে। তা ছাড়া পাইকারদের চাহিদামতো পোশাক সরবরাহ করতে পারছি না।’ এল বি ফ্যাশনের মালিক আসাদ খান জানান, পোশাকপল্লিতে প্রতিদিন গড়ে ছয়-সাত ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এখানে ছোট-বড় প্রায় ১৫ হাজার পোশাক কারখানা ও দোকান রয়েছে। এক ঘণ্টা লোডশেডিং চললে এখানকার পোশাকশিল্পের ক্ষতি হয় ২০ থেকে ২৫ লাখ টাকা। সব মিলিয়ে গড়ে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হচ্ছে। পল্লী বিদ্যুৎ-২ জিনজিরা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রহমত সোবাহান বলেন, উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ৮০ মেগাওয়াট। সরবরাহ হচ্ছে ৬৪-৬৭ মেগাওয়াট। আর জিনজিরা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা রয়েছে ২৯ মেগাওয়াট। অথচ সরবরাহ করা হচ্ছে ২০-২২ মেগাওয়াট। তবে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চলছে।