কেরানীগঞ্জে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
কেরানীগঞ্জ প্রথম আলো বন্ধুসভা ও বাংলাদেশ ঘুড়ি পরিষদের উদ্যোগে গত শুক্রবার ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় ঝিলমিল প্রকল্পের মাঠে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
ঢাকা ও এর আশপাশের এলাকার অর্ধশতাধিক মানুষ প্রতিযোগিতায় অংশ নেন। এতে প্রথম হন কেরানীগঞ্জের আগানগর এলাকার রতন মিয়া, দ্বিতীয় স্থান লাভ করেন কেরানীগঞ্জের অমৃতপুর বাস রোড এলাকার মো. আলাউদ্দিন ও তৃতীয় হন কেরানীগঞ্জের বন্দছাটগাঁও এলাকার রমজান আলী। পরে তাঁদের ক্রেস্ট দেওয়া হয়।
কেরানীগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা প্রতিবছর এ ধরনের উৎসবের আয়োজন করব। মূলত দূষণমুক্ত পরিবেশ ও দূষণমুক্ত বায়ুর দাবিতে এই আয়োজন।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ বন্ধুসভার সদস্য খায়রুল ইসলাম, বাংলাদেশ ঘুড়ি পরিষদের সহসভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক চিরন্তন চিরু প্রমুখ।
শাহাদাত হোসেন বলেন, ‘রাজধানী ও এর আশপাশে যেভাবে কলকারখানা ও ইটভাটা নিয়ম না মেনে কার্যক্রম চালাচ্ছে, তাতে প্রতিনিয়ত বায়ুদূষণ বেড়ে যাচ্ছে। পরিবেশের বিপর্যয় ঘটছে। আমরা পরিবেশ ও বায়ুদূষণ রোধে সংগঠনের পক্ষ থেকে সারা দেশে জেলা ও শহরতলিতে সচেতনতামূলক এ ধরনের ঘুড়ি উৎসবের আয়োজন করব।’
আগানগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘কেরানীগঞ্জে ঘুড়ি উৎসব এই প্রথম হলো। আমি সকাল থেকে পরিবার-পরিজন নিয়ে এ উৎসব উপভোগ করেছি।’
শুভাঢ্যা পূর্ব পাড়া এলাকার গৃহিণী রেহানা বেগম বলেন, ‘এই ঘুড়ি উৎসব উপভোগ করতে পেরে আনন্দিত।’