কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গতকাল মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চর মীরেরবাগ এলাকার মহসিন মোল্লার বাড়িতে হামলা চালিয়েছে। পরে এ ঘটনায় তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা হলেন শাহিন (৩০), সজীব (২৮) ও সামসুর রহমান (৩৬)। তাঁদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ক সিদ্দিকুর রহমান মামলা করেছেন।সিদ্দিকুর রহমান জানান, কয়েক দিন ধরে পারগেন্ডারিয়া এলাকার টিটু বাহিনীর সদস্যরা বাড়ির মালিক মহসিন মোল্লার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় গতকাল দুপুর একটার দিকে ১০-১২ জন সন্ত্রাসী বাড়ির দরজা ও আসবাব ভাঙচুর করে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে শাহিন, সজীব ও সামসুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, চাঁদা না পেয়ে মহসিন মোল্লার বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।