কেরানীগঞ্জে চারটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় নুরু চেয়ারম্যানের টিনসেড মার্কেটে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে ওই হামলায় চারটি দোকান ভাঙচুর করা হয় বলে জানা গেছে। দোকানের মালিক ও কর্মচারীরা জানান, রাত দুইটার দিকে দুর্বৃত্তরা ওই মার্কেটের বাবুল মিয়ার বেডিং স্টোর, সোহাগ হোসেনের এসএস ফার্নিচার, ইসলাম মিয়ার ক্রোকারিজের দোকান এবং আনিস মিয়ার হোটেলে হামলা চালায়। দুর্বৃত্তরা দোকানের কর্মচারীদের মারধর করে বের করে দেয়। পরে ভাঙচুর ও মালামাল লুট করে। মার্কেটের মালিকের ছেলে শেখ ইশতিয়াক আহমেদ অভিযোগ করেন, মার্কেটের জমির মালিকানা নিয়ে স্থানীয় নূর ইসলামের সঙ্গে তাঁদের মামলা চলছে। নূর ইসলমাই জমি দখলের জন্য এ হামলা চালিয়েছে। তবে নূর ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মান্নান ফরাজী জানান, ভাঙচুরের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।