কেরানীগঞ্জে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আইন্তা মোল্লারবাগ বালুর মাঠ এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে হযরত আলী (৩৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা হত্যা করে তাঁর সিএনজিচালিত অটোরিকশা (ঢাকা-ফ ২৩৬১) নিয়ে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।হত্যার প্রতিবাদে কেরানীগঞ্জের তিন শতাধিক অটোরিকশাচালক কালো ব্যাজ ধারণ করে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত ইকুরিয়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল করে অবরোধের সৃষ্টি করে। এ সময় বাংলাদেশ-চীন মৈত্রী প্রথম সেতু দিয়ে অটোরিকশা চলাচল বন্ধ ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আইন্তা মোল্লারবাগ বালুর মাঠ থেকে হযরত আলীর গলাকাটা লাশ উদ্ধার করে। ওই সময় তাঁর মুঠোফোন, টাকা ও অটোরিকশা ছিল না। পরে তা ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত হযরত আলীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। থাকতেন আইন্তা গ্রামে। তাঁর স্ত্রী আনজু বেগম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার দুপুরে তাঁর স্বামী হযরত আলী অটোরিকশা নিয়ে বের হন। রাত নয়টায় মুঠোফোনে কথা হলে জানান, তিনি মোল্লারবাগ বাজারে আছেন। ১০টার দিকে হযরত আলীর বাসায় ফেরার কথা ছিল। রাত ১১টা থেকে একাধিকবার তাঁর মুঠোফোনে কল দিয়েও বন্ধ পাওয়া যায়। সকালে স্বামীর মৃত্যুর খবর পান আরজু বেগম।গতকাল ইকুরিয়ায় অটোরিকশাচালকদের বিক্ষোভ চলাকালে চালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘প্রায়ই আমাদের অটোরিকশা ছিনতাই হয়। এমনকি চালকদের হত্যা পর্যন্ত করা হয়। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। চালকদের নিরাপত্তা ও হযরত আলীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব।’পোস্তগোলাগামী যাত্রী আবদুল জব্বার বলেন, ‘পুলিশ চালকদের নিরাপত্তা দিতে না পারলে যাত্রীরাও নিরাপত্তা পাবে না। এগুলো সরকারের দেখা উচিত।’যোগাযোগ করলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী কোনো চক্র হযরত আলীকে হত্যা করে তাঁর অটোরিকশা নিয়ে গেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী আনজু বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’