কেরানীগঞ্জে চালু হচ্ছে ই-ভ্রাম্যমাণ আদালত
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) আয়োজনে ‘ট্রেনিং প্রোগ্রাম অন ই-গভর্নেন্স অ্যান্ড আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ফর ইমপ্লিমেন্টেশন অব ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণের আওতায় মাঠ দর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেরানীগঞ্জে ‘ই-মোবাইল কোর্ট’ ও ‘কেরানীগঞ্জ অনলাইন গভর্নমেন্ট লিজ ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করার ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে মোবাইল কোর্টে কারও সাজা হলে তার আপিল করতে ১৫-১৬ দিন সময় লেগে যায়। কিন্তু ‘ই-ভ্রাম্যমাণ আদালত পদ্ধতি চালু হলে এ জটিলতা আর থাকবে না। এর মাধ্যমে একজন ম্যাজিস্ট্রেট ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রসিকিউশন পেপার পূরণ করবেন।
এতে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জের ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআইএমের কো-অর্ডিনেটর এস এম আরিফুল ইসলাম, বিআরটিএর পরিচালক (অপারেশন) সিতাংসু শেখর বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনীর পরিচালক (তথ্য ও প্রযুক্তি) নুরুল ইসলাম শরীফ, বিজিবির মেজর মোহাম্মদ কবির কিবরিয়া, পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পুলিশের সিনিয়র এএসপি মাকসুদা আক্তার, পুলিশের সিআইডি বিভাগের সিনিয়র এএসপি হাসিবুল ইসলাম প্রমুখ।