কেরানীগঞ্জের চড়াইল নুরুল হক উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সিয়াম সিদ্দিক রাব্বিকে (১২) অপহরণের অভিযোগে পুলিশ গতকাল শুক্রবার জিঞ্জিরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদকে (২৯) গ্রেপ্তার করেছে।সিয়ামের বাবা আবু বকর সিদ্দিক জানান, কয়েক মাস আগে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর মেয়ে আইরিনকে (১৪) জোর করে তুলে নিয়ে বিয়ে করেন খালিদ। বিষয়টি তিনি পুলিশকে জানালে একপর্যায়ে খালিদ আইরিনকে তালাক দিতে বাধ্য হন। কিছুদিন ধরে আবারও আইরিনকে পেতে খালিদ মরিয়া হয়ে ওঠেন। কিন্তু কোনো উপায় খুঁজে না পেয়ে গত বৃহস্পতিবার দুপুর একটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লোকজন দিয়ে সিয়ামকে অপহরণ করেন তিনি।আবু বকর সিদ্দিক আরও জানান, সিয়ামকে অপহরণের পর বিভিন্ন মাধ্যমে তাঁর কাছে প্রস্তাব আসে যে আইরিনকে খালিদের কাছে ফেরত দিলে সিয়ামকে ছেড়ে দেওয়া হবে।তবে গ্রেপ্তার হওয়া খালিদ জানান, আইরিন ও তিনি ভালোবেসে কয়েক মাস আগে বিয়ে করেন। তাঁকে হেনস্থা করতে অপহরণের এই নাটক সাজানো হয়েছে।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খালিদের বিরুদ্ধে স্কুলছাত্র অপহরণের অভিযোগ রয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে খালিদসহ তিনজনের নামে একটি মামলা করেছেন। ওসি আসাদুজ্জামান আরও জানান, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় খালিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার ও সিয়ামকে উদ্ধারে অভিযান চলছে।