কেরানীগঞ্জে ছাত্রী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর মালিভিটা গ্রামে গুলিতে শারমিন আক্তার (১২) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহত শারমিনের মা মাফিয়া বেগম বাদী হয়ে গতকাল শনিবার বিকেলে এই মামলা করেন। এতে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও দেড় থেকে দুই শ লোককে আসামি করা হয়েছে। এদিকে শুক্রবার রাতেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজুল (৩১) ও সাদেক (২২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, গতকাল বিকেলে মামলাটি দায়ের করা হয়েছে। এতে হত্যাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এদিকে আহত স্বপন, শামীম ও রুবি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।গতকাল সরেজমিনে দেখা গেছে, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শারমিনের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে বাড়িতে নিয়ে আসা হলে শত শত মানুষ তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করে। পরে সন্ধ্যায় রসুলপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।