কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ কৈবর্তপাড়ায় ছিনতাইকারী সন্দেহে শনিবার রাতে গণপিটুনিতে শুক্কর আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুুলিশ বলছে, শুক্কর একজন পেশাদার ছিনতাইকারী।এলাকাবাসী জানান, শনিবার রাত ১০টার দিকে তিন যুবক কৈবর্তপাড়া এলাকায় ঘোরাফেরা করতে থাকেন। ছিনতাইকারী হিসেবে এলাকায় তাঁদের পরিচিতি থাকায় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় অজ্ঞাতনামা একজন পালিয়ে গেলেও শুক্কর আলী ও মমিনকে আটক করে জনতা পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই শুক্কর মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মমিনকে (২৭) আহত অবস্থায় গ্রেপ্তার করে।শুক্কর আলীর বড় বোন শেফালী অভিযোগ করেন, ছিনতাইয়ের নাটক সাজিয়ে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, শুক্কর ঢাকার শনির আখড়া এলাকায় থেকে মাছের ব্যবসা করতেন। শনিবার দুপুরে তিনি শ্বশুরবাড়ি কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় বেড়াতে আসেন। বিকেলে তাঁর মোবাইল ফোনে একটি কল এলে তিনি বেরিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে পিটিয়ে মেরে ফেলার খবর আসে।