কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাতিলাপট্টি এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে বাবু নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর বাকশনপাড়া এলাকায়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর নামাপাড়া এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিনজনের একটি ছিনতাইকারী দল পাতিলপট্টি এলাকায় একজন পোশাকশ্রমিকের পথরোধ করে তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই শ্রমিক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। লোকজনের ধাওয়া খেয়ে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাবু ধরা পড়েন। পিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত যুবকের খালা সালেহা বেগমের দাবি, নিহত বাবু ছিনতাইকারী নন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সালেহা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচ শ মানুষকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।