ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বেশির ভাগ এলাকায় চলছে ব্যাপক লোডশেডিং। এতে জনজীবন ব্যাহত হচ্ছে। শিল্প-কারখানার উৎপাদনও অনেক কমে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি, খোলামোড়া, জিনজিরা, পূর্ব আগানগর, চুনকুটিয়া, কদমতলী ও শুভাঢ্যা এলাকায় এক মাস ধরে পল্লি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হচ্ছে। জিনজিরা ও শুভাঢ্যা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এক মাস ধরে এসব এলাকায় দিন-রাত সব সময় লোডশেডিং হচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টার পর থেকে ২৮ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ১৭ বার লোডশেডিং হয়েছে। জিনজিরা এলাকার বাসিন্দা আ. রহমান বলেন, ২৭ সেপ্টেম্বর বেলা দুইটার পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চারবার লোডশেডিং দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত, রাত নয়টা থেকে সোয়া ১০টা পর্যন্ত, রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত, রাত সাড়ে ১২টা থেকে সোয়া একটা পর্যন্ত, রাত পৌনে চারটা থেকে ভোর সোয়া পাঁচটা পর্যন্ত, ভোর ছয়টা থেকে সকাল সোয়া আটটা পর্যন্ত, সকাল সোয়া ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত, বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত লোডশেডিং দেওয়া হয়। শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার বাসিন্দা রেহানা বেগম বলেন, ২৭ সেপ্টেম্বর বিকেল থেকে ২৮ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত এলাকায় ১৩ বার লোডশেডিং হয়েছে। এতে টেলিভিশন ও ফ্রিজসহ ঘরের মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। পূর্ব আগানগর এলাকার মশিউর আলম মার্কেটের অ্যাঞ্জেল ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক শাকিল হোসেন বলেন, ঈদুল আজহা ও পূজা সামনে রেখে সপ্তাহ খানেক ধরে মার্কেটে বেচাকেনা শুরু হয়েছে। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বেচাকেনা অনেক কম হচ্ছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত গড়ে সাত-আট ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে এলাকার বেশির ভাগ তৈরি পোশাক ব্যবসায়ী বাধ্য হয়ে জেনারেটরের সংযোগ নিয়েছেন। কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন খান বলেন, ‘আমাদের গার্মেন্টস পল্লিতে ছোট-বড় প্রায় ১৫ হাজার দোকান ও পোশাক তৈরির কারখানা রয়েছে। অথচ প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে কারখানার উৎপাদন খুবই ব্যাহত হচ্ছে।’ ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ জিনজিরা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় প্রতিদিন গড় বিদ্যুতের চাহিদা ৮৮ মেগাওয়াট। আর পাওয়া যাচ্ছে ৪২ মেগাওয়াট। এর মধ্যে জিনজিরা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন বিদ্যুতের চাহিদা ২৯ মেগাওয়াট। সরবরাহ করা হচ্ছে ১০ মেগাওয়াট। ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ জিনজিরা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রহমত সোবহান বলেন, ‘আমাদের কার্যালয়ের আওতাধীন এলাকায় প্রতিদিন গড়ে চার-পাঁচ ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চলছে।’