কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে আতাশুর গ্রামে জমি নিয়ে বিরোধে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।নিহত ব্যক্তির নাম অজিত করাতি। আহত ব্যক্তিরা হলেন অজিতের তিন ভাই তপন করাতি, সুমন করাতি, মধু করাতি ও মধু করাতির স্ত্রী নিক্কন করাতি। তাঁদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদ, নিরলা, মানিক্কা, মমতা, গঙ্গারানী।নিহতের স্ত্রী পর্পারানী জানান, তাঁদের সঙ্গে প্রতিবেশী মরু করাতি ও রাধাকান্ত করাতির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে ঢাকা জেলার নিম্ন আদালতে মামলা হয়। সম্প্রতি আদালত তাঁদের পক্ষে রায় দেন।এতে মরু ও রাধাকান্ত ক্ষিপ্ত হয়ে পাশের গ্রামের সালাহউদ্দিন নামের এক ব্যক্তির সহযোগিতায় গতকাল বেলা ১১টার দিকে বেশ কয়েকজন সন্ত্রাসী নিয়ে বিরোধপূর্ণ জমিতে সাইনবোর্ড লাগাতে আসেন। অজিতের পরিবারের সদস্যরা বাধা দেওয়ায় তাঁদের মারধর করে সন্ত্রাসীরা চলে যায়। এরপর ওই সন্ত্রাসীরা বেলা সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অজিতের বাড়িতে হামলা চালায়। এ সময় অজিত ভাত খাচ্ছিলেন। সন্ত্রাসীরা তাঁকে সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে রক্ষা করতে ওই চারজন এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজিত করাতিকে মৃত ঘোষণা করেন।অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার মূল নায়ক সালাহউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মডেল থানার ওসি আসাদুজ্জামান গতকাল সন্ধ্যায় জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, জমি নিয়ে বিরোধের জেরে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।