কেরানীগঞ্জে জমি ব্যবসায় মধ্যস্থতাকারীর জবাই করা লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বাংলানগর এলাকার একটি পুকুর থেকে গতকাল শনিবার জাহাঙ্গীর হোসেন (৩৫) নামের এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। জাহাঙ্গীর জমি কেনাবেচায় মধ্যস্থতা করতেন। নিহত জাহাঙ্গীরের স্ত্রী সুমি বেগম জানান, শুক্রবার রাত নয়টার দিকে অচেনা এক যুবক বাংলানগরের বাসা থেকে তাঁর স্বামী জাহাঙ্গীরকে ডেকে নিয়ে যায়। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। গতকাল সকালে জাহাঙ্গীরের জবাই করা লাশ এলাকার একটি পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।সুমি বেগম আরও জানান, জমির ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবুল হোসেন ও আনোয়ারের সঙ্গে জাহাঙ্গীরের বিরোধ চলছিল। এর জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার জানান, পূর্বশত্রুতার জের ধরে জাহাঙ্গীরকে মারধরের পর জবাই করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী আবুল হোসেন ও আনোয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।