কেরানীগঞ্জে জমেছে কোষা নৌকার বাজার

বর্ষা মৌসুমকে ঘিরে কেরানীগঞ্জে কোষা নৌকার বাজার জমে উঠেছে। কোষা নৌকা তৈরিতে দিন-রাত ব্যস্ততায় কাটাচ্ছেন দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাজার এলাকার কাঠমিস্ত্রি ও কর্মচারীরা। সেখানে ছোট, বড় ও মাঝারি সাইজের নতুন কোষা নৌকা তৈরি হচ্ছে।
গতকাল সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর বাজারে দেখা গেল, সেখানে ১০-১২টি কাঠের দোকানের সামনে তৈরি করা হচ্ছে নতুন নতুন বিভিন্ন সাইজের কোষা নৌকা। রাহাত টিম্বার, সানজিদা টিম্বার, নাঈম টিম্বার, পায়েল টিম্বারসহ ১০-১২টি দোকানের সামনে তৈরি করা হচ্ছে কোষা নৌকা। কাঠমিস্ত্রিদের কেউ কাঠ চিরাচ্ছেন, কেউ কোষা নৌকার কাঠে পেরেক মারছেন, কেউবা বানাচ্ছেন নৌকার বইঠা।
রাহাত টিম্বারের মালিক মো. নাসির বলেন, আমাদের বাজারে ১২টি কাঠের দোকান রয়েছে। বর্ষা মৌসুমকে কেন্দ্র করে প্রতিবছর এসব দোকানে কোষা নৌকা তৈরি করা হয়। তিনি আরও বলেন, এখানকার কাঠ ব্যবসায়ীরা বর্ষা মৌসুমে কোষা নৌকা তৈরি করে একটু বাড়তি আয় করে থাকেন।
রাহাত টিম্বারের ম্যানেজার নজরুল ইসলাম জানান, ‘আমরা গর্জন, আম ও সুবর্ণ কাঠের নৌকা তৈরি করছি। তিন সাইজের কোষা নৌকা তৈরি করছি। ১২ ফুট দৈর্ঘ্যের কোষা নৌকার দাম ৩৫০০-৪০০০ টাকা। ১৫ ও ১৮ ফুট দৈর্ঘ্যের কোষা নৌকার দাম ৪৫০০-৫০০০ টাকা। এ ছাড়া ২০ ফুট দৈর্ঘ্যের কোষা নৌকার দাম ৭৫০০-৮০০০ টাকা।’
কাঠমিস্ত্রি জামান মিয়া (৫২) বলেন, ‘আমরা ৪ জন কর্মচারী সকাল-সন্ধ্যা কাজ করছি। প্রতিদিন ১২-১৫ ফুট দৈর্ঘ্যের ৪টি এবং ১৮-২০ ফুট দৈর্ঘ্যের ৩টি কোষা নৌকা তৈরি করছি। ১২-১৫ ফুট দৈর্ঘ্যের মজুরি ১২০০ টাকা। ১৮-২০ ফুট দৈর্ঘ্যের মজুরি ১৫০০ টাকা নিচ্ছি।’
রাজধানীর যাত্রাবাড়ী সানারপাড় থেকে নৌকা কিনতে আসা রমজান আলী বলেন, ‘বর্ষা আসতে শুরু করেছে। আমাদের বাড়িটি নিচু এলাকায়। এ সময়ে যাতায়াতে সমস্যা হয়। ঢাকা শহরের আশপাশ এলাকায় কোষা নৌকার বাজার তেমন দেখা যায় না। ঢাকার কাছে শুধু কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাজার এলাকায় এ ধরনের বাজার রয়েছে। তাই এখান থেকে কোষা নৌকা কিনতে এসেছি।’
অপরজন কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকা থেকে আসা কৃষক মফিজউদ্দিন মিয়া বলেন, ‘আমি বর্ষা মৌসুমে এখানে কোষা নৌকা কিনতে আসি। দুই বছর আগে এখান থেকে ১৫ ফুটের কোষা নৌকা কিনেছিলাম। তখন দাম নিয়েছিল ৩৫০০ টাকা। আর এখন সেটা চাচ্ছে ৫০০০ টাকা। ৪০০০ টাকা বলেছি কিন্তু দোকানের মালিক বিক্রি করতে রাজি হচ্ছেন না।’