কেরানীগঞ্জে জাল টাকা তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গত বুধবার গভীর রাতে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ কাওসার হামিদ (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় বিপুল পরিমাণ জাল টাকাও জব্দ করা হয়।পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ হাসনাবাদ এলাকার নূর আলমের বাড়ির চতুর্থ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহূত পাঁচ কিলোগ্রাম কাগজ, দুটি প্রিন্টার, একটি মনিটর, একটি সিপিইউ, পাঁচটি স্ক্রিন ফ্রেম ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করে। জাল টাকা তৈরির অভিযোগে ভাড়াটিয়া কাওসার হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। ১০০০ টাকার ২৩৬টি, ৫০০ টাকার ৭৫টি ও ১০০ টাকার ৪৬টি জাল নোট উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া কাওসার হামিদ জানান, ছয় মাস আগে তিনি এ ফ্ল্যাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের ঠিকাদারি কাজের পাশাপাশি তিনি জাল টাকা তৈরি করতেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুরে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি জাল টাকা তৈরি করে সারা দেশে ছড়িয়ে দিত।