কেরানীগঞ্জে জিনসের প্যান্ট তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ বাজার সামনে রেখে জিনসের প্যান্ট তৈরির ধুম পড়েছে কেরানীগঞ্জের পোশাক কারখানাগুলোতে। উপজেলার শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নের প্রায় পাঁচ হাজার ছোট-বড় কারখানায় তৈরি হচ্ছে এসব প্যান্ট । বিক্রি হচ্ছে ১১০ থেকে তিন হাজার টাকায় পর্যন্ত।

প্রতিদিন কাক-ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত সারা দেশের পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন এই পোশাক কিনতে। ফলে মুখরিত হয়ে উঠেছে জিনসপট্টি। ব্যবসায়ীরা বলছেন, এ বছর ঈদে জিনসের প্যান্ট বিক্রি থেকে আয় করতে চান ১০০ কোটি টাকা।

এ প্রসঙ্গে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মো. আমান উল্লাহ বলেন, দেশের প্রায় ৭০ ভাগ জিনসের প্যান্টের চাহিদা পূরণ করছে কেরানীগঞ্জের পোশাক কারখানাগুলো। এখানকার তৈরি প্যান্ট রাজধানীসহ সারা দেশে বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, মাস খানেক আগে থেকে জিনসের বাজার চাঙা হয়েছে। আর শবে বরাতের পর থেকে মফস্বলের পাইকারেরা কেনা শুরু করেছেন। এই বিক্রি ২৫ রোজা পর্যন্ত চলবে।

এ ব্যাপারে পূর্ব আগানগরের আশা কমপ্লেক্সের কদম চাঁন প্যান্ট হাউসের পরিচালক মো. সোহেল বলেন, ‘পোশাক তৈরিতে আমরা উন্নত বিশ্বের চেয়ে কোনো অংশে কম নই। ঈদ উপলক্ষে রমজানের শুরুতে আমাদের এখানে জিনসের প্যান্টের বাজার জমে উঠেছে।’
বরিশাল থেকে আসা পাইকারি ব্যবসায়ী মো. বশির হাওলাদার জানান, কেরানীগঞ্জের তৈরি জিনসের প্যান্ট দামে কম, মানে সেরা। এখান থেকে জিনসপ্যান্ট কিনে বিক্রি করলে লাভও ভালো হয়।

নূর জেনারেল গার্মেন্টসের স্বত্বাধিকারী সেলিম আহমেদ বলেন, বিশ্বের নামীদামি কোম্পনির প্যান্ট এখানে তৈরি হচ্ছে। গুণে-মানে বেশ উন্নত। কিন্তু দাম অনেক কম। তিনি জানান, এখানে তৈরি হচ্ছে আমেরিকান লি, লিভাইস, ডিজেল ও বোস কালেকশন; ইতালির তৈরি হচ্ছে ভার্সাসি ও আরমানি। আরও আছে কসমো, টিভি লেভেল, পিয়ারিম্যান ও লুসিলংসহ বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট।

পাবনা থেকে আসা জিনসপ্যান্টের ক্রেতা আবদুর রহিম বলেন, কেরানীগঞ্জে সব শ্রেণি-পেশার মানুষের জন্য জিনসের প্যান্ট তৈরি হয়। ফলে এখানে তৈরি জিনসের প্যান্টের চাহিদা অনেক।

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, এ বছর ঈদে জিনসের প্যান্ট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় শত কোটি টাকা।