কেরানীগঞ্জে জিয়ার ছবি ও খালেদা জিয়ার নামফলক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার রাতে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়ার হিজলতলায় শহীদ জিয়া অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কে বা কারা চুনকুটিয়া এলাকার হিজলতলায় শহীদ জিয়া অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারের দেয়ালে খচিত জিয়াউর রহমানের ছবি ও খালেদা জিয়ার নামফলক ভেঙে ফেলে। গতকাল শনিবার সকালে বিষয়টি ধরা পড়ে। কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাজিম উদ্দিন অভিযোগ করেন, শুক্রবার রাতের আঁধারে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা অডিটরিয়ামের ছবি ও নামফলক ভাঙচুর করেছে। এটা ন্যক্কারজনক ঘটনা।কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির নেতা নাজিম উদ্দিন যদি ভাঙচুরের ঘটনা দেখে থাকেন, তবে তিনি সুনির্দিষ্ট প্রমাণ দেখিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করুক। বিএনপির নেতা-কর্মীরা অযথা আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে।’ এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোত্পল দে জানান, মিলনায়তনের ছবি ও নামফলক ভাঙচুরের ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।