কেরানীগঞ্জে ঝুঁকিপূর্ণ মার্কেটের দুটি তলা ভাঙার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চরকালীগঞ্জ এলাকার নূর সুপার মার্কেটে ফাটল দেখা দেওয়ায় তৃতীয় ও চতুর্থ তলা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বিশেষজ্ঞ প্রকৌশলীদের প্রতিবেদনের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ওই নির্দেশ দেওয়া হয়।মার্কেটের মালিক ও দোকানিরা জানান, ১৯৮৮ সালে ৫২ শতাংশ জমিতে একতলা মার্কেট নির্মাণ করা হয়। পরে মার্কেট সমিতির কয়েকজন নেতা মার্কেটটি চারতলা পর্যন্ত নির্মাণ করেন। মার্কেটের নিচতলায় ১৩৪টি ও দোতলায় ৮৩টি দোকান রয়েছে। তৃতীয় তলায় ৫৪টি পাকা ঘর ও চতুর্থ তলায় টিনশেডের আধাপাকা ৩৮টি ঘর রয়েছে। নিচতলা ও দোতলায় পাইকারি ও খুচরা পোশাক বিক্রির দোকান। তৃতীয় ও চতুর্থ তলায় ওই পোশাক তৈরির কারখানা। এসব প্রতিষ্ঠানে ১০ থেকে ১২ হাজার শ্রমিক কাজ করেন। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটের মালিক আইনজীবী শেখ ইসতিয়াক আহমেদ দোকানমালিকদের সরে যেতে গত বছরের ৭ নভেম্বর নোটিশ দেন। তবু দোকান ছাড়েননি ব্যবসায়ীরা। সাভারে রানা প্লাজা ধসের পর কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া মার্কেটটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ দেখতে পান। ‘এই মার্কেটটি ঝুঁকিপূর্ণ। এখানে লোকজনের প্রবেশ নিষেধ। নির্দেশক্রমে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন’। লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। ইউএনওর নির্দেশে গঠিত হয় বিশেষজ্ঞ দল। ২ মে ইউএনও, উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী শেখ তাজুল ইসলাম ও অন্য দুজন প্রকৌশলী মার্কেট পরিদর্শন করেন। সম্প্রতি তাঁরা প্রতিবেদন জমা দেন।ইউএনও বাবুল মিয়া ও প্রকৌশলী শেখ তাজুল ইসলাম গতকাল নূর সুপার মার্কেটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তিন দিনের মধ্যে তৃতীয় ও চতুর্থ তলা ভেঙে ফেলার নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করে প্রকৌশলী শেখ তাজুল ইসলাম জানান, কমিটির প্রতিবেদনের সিদ্ধান্ত মোতাবেক নূর সুপার মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলা ঝুঁকিপূর্ণ বিধায় সেগুলো ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মার্কেটের দ্বিতীয় ও নিচতলায় অধিকাংশ স্থানের স্ল্যাব ও বিম ক্ষতিগ্রস্ত হয়ে রড বের হয়ে গেছে। সেগুলো সংস্কার করতে বলা হয়েছে। তবে মার্কেটটি তেমন ঝুঁকিপূর্ণ নয় বলে মনে করেন নূর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল আজিজ। তিনি অভিযোগ করেছেন, ভবনের মালিক ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে দোকানদারদের উচ্ছেদের ষড়যন্ত্র করছেন।আবদুল আজিজ বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আমরা তৃতীয় ও চতুর্থ তলা নিজ উদ্যোগে ভেঙে ফেলব।’ আবদুল আজিজ আরও বলেন, ‘এ মার্কেটে কোনো রকম দুর্ঘটনা ঘটলে যাবতীয় ক্ষতিপূরণ দিতে লিখিত অঙ্গীকার করতেও আমরা রাজি আছি।’আজিজের অভিযোগ অস্বীকার করে মার্কেটের মালিক শেখ ইসতিয়াক আহমেদ বলেন, ‘খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটটি সম্পূর্ণ ভেঙে নতুন করে বহুতল ভবন নির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু মার্কেট সমিতির নেতাদের বাধায় পারিনি। উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক তৃতীয় ও চতুর্থ তলা ভেঙে ফেলা হবে। কিন্তু এর মধ্যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এর সমস্ত দায়ভার মার্কেটের সমিতি ও ব্যবসায়ীদের বহন করতে হবে।’মার্কেট রক্ষার নামে চাঁদাবাজির অভিযোগ: এদিকে ঝুঁকিপূর্ণ মার্কেটটি রক্ষার নামে মার্কেট সমিতির নেতারা প্রতিটি দোকান থেকে ১৫ হাজার টাকা চাঁদা তুলেছেন বলে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন। সেই হিসাবে ৩০৯টি দোকান ও কারখানা থেকে প্রায় ৪৬ লাখ ৩৫ হাজার টাকা উঠেছে। অভিযোগ অস্বীকার করে মার্কেট সমিতির সভাপতি আবদুল আজিজ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সমিতির ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কিছু টাকা ওঠানো হয়েছে, মার্কেট রক্ষার জন্য নয়।’