কেরানীগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল
ঢাকার কেরানীগঞ্জের তিনটি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করছেন। এ ছাড়া ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের খোলামোড়া-আটিবাজার সড়কের মাঝামাঝি বাবুরগ্রাম খালের ওপরের সেতুটির উভয় পাশের রেলিং ভেঙে গেছে। সেতুর বিভিন্ন স্থানের খোয়া উঠে গেছে ও মাঝখানে দেখা দিয়েছে ফাটল। নেকরোজবাগ এলাকার মসজিদসংলগ্ন একটি সেতু ও কোনাখোলা হজরতপুর সড়কের আটিজয়নগর এলাকার অন্য একটি সেতুর রেলিং ও মাঝের কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। বাবুরগ্রাম সেতুটির পাশে অবস্থিত ব্রিটিশ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সালাউদ্দিন বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না। শাক্তা ইউপির চেয়ারম্যান মিজানুল হক বলেন, স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে।সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী মো. নুরুল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত সেতুগুলো প্রায় ৩০ বছর আগে তৈরি করা হয়েছে। এ কারণে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে সেতু মেরামতের জন্য নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।