কেরানীগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, যান চলে এক পাশ দিয়ে

ঢাকা-নবাবগঞ্জ সড়কের কেরানীগঞ্জের গদাবাগ এলাকার নেকরোজবাগ কবরস্থানের সামনের সেতুটির উভয় পাশের রেলিংই ভেঙে গেছে। সেতুটির অবস্থাও জরাজীর্ণ। এ অবস্থায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
গতকাল সোমবার দুপুরে গদাবাগ এলাকায় গিয়ে দেখা গেছে, সেতুটির দুপাশের রেলিং ভেঙে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। অনেক সময় সড়কের যানবাহন চলাচল বেড়ে গেলে সেতু এক পাশ বন্ধ রেখে একমুখী যান চলাচল করছে।
কোনাখোলা এলাকার অটোরিকশার চালক আবদুল জলিল (৩৭) বলেন, ‘গদাবাগ এলাকায় সেতুর দুই পাশের রেলিং কয়েক বছর আগেই ভেঙে গেছে। বছর দুয়েক আগে কর্তৃপক্ষ সেতুর রেলিংয়ের দুই পাশে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছিল। এরপর আর কোনো সংস্কার হয়নি। সেতুটির রেলিং না থাকায় আমরা ঝুঁকি নিয়ে এ গাড়ি চালাচ্ছি। এর ফলে মাঝেমধ্যে যানজট সৃষ্টি হচ্ছে।’
গদাবাগ এলাকার বাসিন্দা ফিরোজ মিয়া (৩৮) বলেন, ‘রেলিং ভেঙে যাওয়ায় সেতু দিয়ে চলাচলের সময় ভয় হয়, আবার কখন জানি সেতু ভেঙে খাদে পড়তে হবে!’ জনগণের স্বার্থে অতিসত্বর সেতুটি মেরামত অথবা সেতু ভেঙে রাস্তা করা উচিত বলে তিনি মনে করেন।
রোহিতপুর এলাকার ট্রাকচালক মো. সোহেল বলেন, ‘ঢাকা-নবাবগঞ্জ সড়কের গদাবাগ এলাকার সেতুটির দুই পাশের রেলিং ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হয়। অনেক সময় সড়কে যান চলাচল বেশি হলে সেতু দিয়ে থেমে থেমে ধীরগতিতে গাড়ি চালাতে হয়।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কেরানীগঞ্জের গদাবাগ এলাকায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জনগণের স্বার্থে এ সেতুর সমস্যার সমাধান করা উচিত।
জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সেতুটি ভেঙে সড়ক তৈরি করা হবে। সড়কের নিচে সেখানে পাইপ ফেলে পয়োনিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে। সেতু না হওয়া পর্যন্ত ভোগান্তি কিছুটা থাকতে পারে বলে তিনি জানান।