কেরানীগঞ্জে ট্রাকের চাপায় শিশু নিহত
ট্রাকের চাপায় মো. সোহেল নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ডাকপাড়া এলাকায় কদমতলী কোনাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা গেছে, বালুবাহী ট্রাকটি কদমতলী থেকে জিনজিরা যাচ্ছিল। দ্রুতগতিতে যাওয়ার সময় ট্রাকটি সোহেলকে (১১) চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রাকের চালক আসাদুল মিয়াকে (২৭) আটক করে। পরে তাঁকে পুলিশে দেয়।
সোহেল আগানগরে এক আত্মীয়ের বাসা থেকে কেরানীগঞ্জের কালিন্দীতে ভাড়া বাসায় ফিরছিলেন। তাঁর বাবার নাম জাহাঙ্গীর হোসেন। তিনি মাছ ব্যবসায়ী। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার সলদী গ্রামে।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বালুবাহী ট্রাকের চালক আসাদুলকে আটক করা হয়েছে।