কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি একজন নিহত
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর টিনের মসজিদ বেড়িবাঁধ এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছে। নিহতের নাম মো. আলাউদ্দিন (৩৫)। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রসুলপুর বেড়িবাঁধ এলাকায় দুটি ট্রলারে ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বুড়িগঙ্গা নদীর ঘাট থেকে তীরে ওঠে। নৈশ প্রহরীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে ওই দুজনকে আটক করে তারা গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।পুলিশ আটক দুজনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আলাউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি কোথায় সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। অপর ব্যক্তিকে (৩২) অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুনজুর আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।