কেরানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা অভিযোগ করেছেন, ইদানীং এলাকায় ডাকাতদের তত্পরতা বেড়েছে। গতকাল বুধবার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা উন্নয়নবিষয়ক মাসিক সভায় তাঁরা এ অভিযোগ করেন।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা খাতুনের সভাপতিত্বে সভায় কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. শাহিন আহমেদ, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান লুত্ফর রহমান মোল্লা, শাক্তা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ইউসুফ আলী চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম, বাস্তা ইউপি চেয়ারম্যান শামছুল হক, কলাতিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।চেয়ারম্যান লুত্ফর রহমান মোল্লা অভিযোগ করেন, ১৬ জানুয়ারি তাঁর ছেলের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় চার-পাঁচজন ছিনতাইকারী। এ ঘটনায় মামলা করার জন্য ওই দিন দুপুর এবং সন্ধ্যায় একাধিকবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গেলেও ওসি মামলা নেননি বরং তাঁকে বলেছেন, চুরির মামলা করলে মামলা নেবেন। তিনি আরও জানান, মাসখানেক ধরে তাঁদের এলাকায় ডাকাতদের উত্পাতও বেড়ে গেছে। ডাকাতদের ভয়ে অনেকে রাতে ঘুমাতে পারছে না।ছিনতাইয়ের মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোত্পল দে বলেন, ‘চেয়ারম্যান লুত্ফুর রহমান মিথ্যা কথা বলেছেন, তিনি মামলা করতে না চাইলে কী করে মামলা নেব। চুরির মামলা করতে বলা হয়নি।’