
কেরানীগঞ্জের নিখোঁজ জমি ব্যবসায়ী মো. আওলাদ হোসেনকে উদ্ধারের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর বাঘাপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আওলাদ হোসেন আবদুল্লাহপুর বাঘাপুর এলাকার বাসিন্দা মৃত আ. রাজ্জাকের ছেলে।
অবরোধের সময় মহাসড়কের দুপাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে জনসাধারণ।
পরিবারের সদস্যরা জানান, আবদুল্লাহপুর বাঘাপুর এলাকার ব্যবসায়ী আওলাদ হোসেন (৪০) গত রোববার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে যান। সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। পরে তাঁর চাচা মো. চিনি মিয়া ওই দিন সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তবে তিন দিন পেরিয়ে গেলেও আওলাদের সন্ধান না পাওয়ায় এলাকাবাসী গতকাল মানববন্ধন করে। মানববন্ধন চলার সময় এলাকাবাসী নানা স্লোগান দিতে শুরু করে। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আওলাদের বড় বোন শিরিয়া বেগম বলেন, ‘অনেক খোঁজাখুঁজির পরও আমার ভাইকে পাওয়া যায়নি। তিন দিন অতিবাহিত হলেও ভাইয়ের সন্ধান না পাওয়ায় তাঁকে উদ্ধারের দাবিতে আমরা মানববন্ধন করেছি।’
জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর প্রথম আলোকে জানান, তাঁকে উদ্ধারের জন্য পুলিশ সব ধরনের চেষ্টা চালাচ্ছে।