কেরানীগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া হিজলতলা এলাকায় গত বুধবার রাতে নাইম ইসলাম (২১) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।
নাইম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রানাদিয়া গ্রামের শওকত হোসেনের ছেলে।
নাইম ঢাকার নিউমার্কেটে একটি প্রসাধনীর দোকানে বিক্রয়কর্মীর কাজ করতেন বলে তাঁর মামা দেলোয়ার হোসেন জানিয়েছেন।
দেলোয়ার প্রথম আলোকে জানান, নাইম তাঁর মাকে নিয়ে কালীগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। নাইমের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। বুধবার রাত ১০টার দিকে কে বা কারা নাইমকে কুপিয়ে হত্যা করে।
যোগাযোগ করা হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কারা কেন নাইমকে খুন করেছে জানা যায়নি। এ ঘটনায় নাইমের মামা দেলোয়ার অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।