কেরানীগঞ্জে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের মধ্যেরচর এলাকায় ৩০০ ফুট অবৈধ সংযোগ উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে মধ্যেরচর, বালুরচর, ঝাউচর ও আরসীনগর এলাকার প্রায় ৭০০ গ্রাহকের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার সকালে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব উর রহমান৷ এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেট্রো বিক্রয় বিভাগ-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) চিত্ত রঞ্জন দেবনাথ ও মেট্রো বিক্রয় বিভাগ-৫ জিনজিরা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ৷
নাম প্রকাশ না করার শর্তে মধ্যেরচর, বালুরচর, ঝাউচর ও আরসীনগর এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, শাক্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. হানিফ ও তাঁর লোকজন অবৈধভাবে এসব গ্যাস-সংযোগ দিয়েছিলেন। এ জন্য প্রতি চুলার জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়েছেন৷