কেরানীগঞ্জে তিন শতাধিক টেলিফোন লাইন বিকল
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তিন শতাধিক টেলিফোন লাইন বিকল হয়ে আছে। কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, জিনজিরা ডিজিটাল এক্সচেঞ্জের কার্যালয়ে একাধিকবার অভিযোগ জানালেও টেলিফোন সচল হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কেরানীগঞ্জের তিন হাজার লাইন জিনজিরা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের অধীনে তিন শতাধিক টেলিফোনের লাইন বিকল হয়ে গেছে। টেলিফোন গ্রাহকেরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যেসব এলাকায় টেলিফোন লাইন বিকল হয়েছে সেসব এলাকা হচ্ছে জিনজিরা, নজরগঞ্জ কবরস্থান এলাকা থেকে মান্দাইল খালের ঘাট, জিনজিরা ইমামবাড়ি থেকে কেরানীগঞ্জ মডেল টাউন কদমতলী, চুনকুটিয়া বাসস্ট্যান্ড থেকে কালীগঞ্জ বাজার, আমিরাবাগ ও গোপপাড়।
কদমতলী এলাকার লায়ন্স শপার্স ওয়ার্ল্ডের পরিচালক মো. মিন্টু বলেন, ‘আমাদের মার্কেটের টেলিফোন সংযোগটি কয়েক মাস ধরে বিকল। এতে আমরা জরুরি সময়ে টেলিফোন লাইনটি ব্যবহার করতে পারছি না। এ বিষয়ে একাধিকবার জিনজিরা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জে অভিযোগ করেছি। এখনো আমাদের সংযোগটি সচল করতে কেউ আসেনি।’
শুভাঢ্যা চরকুতুব এলাকার বাসিন্দা চম্পা বেগম বলেন, ‘আমাদের বাসার টেলিফোন লাইন তিন মাস ধরে অকেজো হয়ে আছে। কয়েকবার স্থানীয় টেলিফোন কার্যালয়ে বিষয়টি জানালেও তারা কেউ সমস্যা সমাধান করতে আসেনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক জিনজিরা নজরগঞ্জ সড়ক এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমার বাসার টেলিফোন সংযোগটি দুই মাস ধরে বিকল। এ বিষয়ে আমি গত দুই মাসে ৫-৭ বার জিনজিরা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জে জানিয়েছি। তবে লাভ হয়নি।’
জিনজিরা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তাজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকায় পল্লী বিদ্যুতের তার ও সুয়ারেজ লাইন স্থাপনের কাজের সময় মাটির নিচের টেলিফোন লাইন কেটে যায়। এ ছাড়া বৃষ্টির পানি ও জলাবদ্ধতার কারণে বেশ কিছু এলাকায় প্রায় এক মাস ধরে শখানেক টেলিফোন লাইন বিকল হয়ে গেছে। বিকল লাইনগুলো সংস্কারের কাজ চলছে। তিনি আরও বলেন, ‘একদিকে আমাদের কার্যালয়ে লোকবল কম, অন্যদিকে এসব বিকল লাইন সচল করার জন্য যে অর্থের প্রয়োজন, সে তুলনায় আমাদের অর্থ দেওয়া হচ্ছে না। আমাদের এক্সচেঞ্জে প্রায় সাড়ে তিন হাজার গ্রাহক আছে।’