কেরানীগঞ্জে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট
কেরানীগঞ্জের জিনজিরায় চর রঘুনাথপুর এলাকার একটি চারতলা ভবনের ছাদে কেব্ল টিভির সংযোগ দেওয়ার সময় দুই ভাইসহ তিন যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাঁরা হলেন মো. শাহিন (২২), তাঁর ভাই কবির হোসেন (২৮) ও রাজু মিয়া (২২)। কবির ও রাজুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকাল বুধবার বেলা দেড়টার দিকে আকরাম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, কেব্ল টিভির সংযোগের তার টানানোর সময় ভবনের ওপরে থাকা ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে কোনোভাবে তারের সংযোগ ঘটে। এ সময় বিকট শব্দ হয়ে আগুনের কুণ্ডলী সৃষ্টি হয়।
প্রতিবেশী মিরাজ হোসেন জানান, আগুনের প্রচণ্ড তাপে বাড়ির নিচে থাকা একটি গ্যাসের রাইজারে বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে আগুন আর বিকট শব্দের কারণে আশপাশের মানুষ ভয় আর আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।