কেরানীগঞ্জে তিনজনের লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তিনটি স্থান থেকে গতকাল রোববার দুই শ্রমিকসহ তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কালীগঞ্জের জিয়ানগর এলাকার ডকইয়ার্ড শ্রমিক জাকির হোসেন ও ওলিনগরের পোশাকশ্রমিক দাদন মিয়া (২৭)। নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে জিয়ানগরের বালুর মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাকিরের লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।এ ব্যাপারে জাকিরের মা হাসিনা বেগম বলেন, গত শনিবার রাত আটটার দিকে জাকির বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে জানতে পারেন, বাড়ির পাশের বালুর মাঠে তাঁর লাশ পড়ে আছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু জাহিদ শেখ জানান, হাত-পা বেঁধে শ্বাসরোধ করে জাকিরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জাকিরের মা কারও নাম উল্লেখ না করে থানায় হত্যা মামলা করেছেন।এদিকে, গতকাল ভোর পাঁচটার দিকে কালীগঞ্জের ওলিনগর থেকে পোশাকশ্রমিক দাদন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রবিউল আজম জানান, ছাদ থেকে পড়ে দাদন মারা গেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। দাদনের মানিব্যাগে নেশার বড়ি ও গাঁজা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতে পাইপ বেয়ে কোনো বাড়িতে চুরি করতে গিয়ে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।দাদন মাদক সেবন করতেন বলে নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মো. সেন্টু। তিনি বলেন, পরিবার থেকে বারবার নিষেধ করার পরও তাঁর ভাই দাদন মাদক সেবন করতেন এবং নেশার টাকার জন্য সংসারে অশান্তি করতেন। এ কারণে তাঁরা দাদনকে ঘর থেকে বের করে দেন। তাঁর ভাই কালীগঞ্জের একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন।এদিকে, গতকাল বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। তাঁর পরনে ছিল কালো জিনসের প্যান্ট ও হাফ হাতা শার্ট। কেরানীগঞ্জ মডেল থানার এসআই গোলাম সারোয়ার বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে নাক দিয়ে রক্ত ঝরছিল।