কেরানীগঞ্জে তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গতকাল শনিবার চরকুতুব এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল সকালে চরকুতুব এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির পঞ্চম তলার বারান্দার দেয়াল ভেঙে চাপা পড়ে রিয়াজ হাওলাদার (২৫) নামের এক ব্যক্তি আহত হন। স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রিয়াজের বাড়ি পটুয়াখালীর সদর থানার সাওলা গ্রামে।
পুলিশ জানায়, গতকাল সকালে হাসনাবাদ কনটেইনার রোডে একটি শিশুর (১২) লাশ উদ্ধার করা হয়। গাড়িচাপায় শিশুটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসংলগ্ন নদী থেকে লুঙ্গি দিয়ে পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় আবদুল্লাহপুর বাজারসংলগ্ন সিং নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৫৫) আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ চারটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।