কেরানীগঞ্জে দা-ছুরির দোকানে ক্রেতার ভিড়
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা, জিনজিরা তাওয়াপট্টি ও আগানগর এলাকায় দা-ছুরির ব্যবসা জমে উঠেছে। এসব এলাকার দোকানগুলোতে সকাল-সন্ধ্যা পাইকারি ও খুচরা ক্রেতারা ভিড় করছেন।
জিনজিরা, জিনজিরা তাওয়াপট্টি ও আগানগর এলাকায় ছোট-বড় ২৫ থেকে ৩০টি দা, বঁটি ও ছুরির দোকান আছে।
জিনজিরা তাওয়াপট্টি এলাকার মায়ের দোয়া হার্ডওয়্যারের পরিচালক মো. শুভ গত শুক্রবার বলেন, তাঁদের দোকানে সব ধরনের ছোট-বড় দা-বঁটি-ছুরি রয়েছে। তিনি জানান, তাঁদের দোকানে দেশি চাপাতি ৫০০ টাকা, বিদেশি চাপাতি ১ হাজার ৫০০ টাকা, দেশি বড় চাকু ৩০০ টাকা, বিদেশি বড় চাকু ১ হাজার ৫০০ টাকা, দেশি বড় বঁটি ৪০০ টাকা, বিদেশি স্টেইনলেস স্টিলের বড় আকৃতির বঁটি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মো. শুভ বলেন, দুই দিন ধরে বেচাবিক্রি বেশি হচ্ছে। ঈদের দু-তিন দিন আগে বিক্রি আরও বাড়বে।
আগানগর এলাকার সুভাষ স্টোরের কর্মচারী সুজন সাহা বলেন, তাঁরা নিজেরাই দা-বঁটি-ছুরি তৈরি করে বিক্রি করেন। ঢাকা শহরের চেয়ে তাঁদের এখানে দা-বঁটির দাম অনেক কম। তাই ঢাকার আশপাশের এলাকা থেকে অনেক ব্যবসায়ী এখান থেকে পাইকারি দরে দা-বঁটি-ছুরি কিনে নিয়ে যান।