কেরানীগঞ্জে দিনমজুরকে কুপিয়ে হত্যা
ঢাকার কেরানীগঞ্জে গত মঙ্গলবার রাতে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে গতকাল বুধবার একই এলাকা থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জের পানগাঁও বটতলা এলাকায় টাকা ভাগ-ভাটোয়ারা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে কাওসার (৩৫) নামে এক দিনমজুরকে তাঁর সহকর্মীরা কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের পাগলা এলাকার কুতুবপুর গ্রামে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: রিয়াজুল (২৪), জাফর (৫০) ও শাকিল (২০)। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, পাওনা টাকার লেনদেন নিয়ে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। এদিকে গতকাল সকাল আটটার দিকে প্রথম বুড়িগঙ্গা সেতুর ওপর থেকে গলাকাটা অবস্থায় জুরাইনের ফোন-ফ্যাক্স ব্যবসায়ী মাহবুবের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, অন্য কোনো জায়গায় মাহবুবকে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা লাশ গাড়িতে করে এনে সেতুর ওপর ফেলে যায়।