কেরানীগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল শনিবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ক্রিকেট খেলা নিয়ে গত বৃহস্পতিবার কান্দাপাড়া ও করেরগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ নিয়ে গতকাল সকালে কান্দাপাড়া গ্রামের লোকজন আবদুল্লাহপুর বাজারে প্রতিপক্ষের সবুজ (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার জের ধরে দুপুরে দুই গ্রামের বাসিন্দারা লাঠিসোঁটা, বল্লম ও টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় অনেকে বলেন, সংঘর্ষের সময় তাঁরা গুলির শব্দ শুনেছেন। করেরগাঁওয়ের চার ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এখন পরিস্থিতি শান্ত। তিনি বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।